ডেস্ক রিপোর্ট ॥ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে দিল্লি গিয়ে শেষ পর্যন্ত দেশে ফিরে আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ায় জটিলতা ও অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনাকে কেন্দ্র করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ দীর্ঘ সময় অপেক্ষায় রাখে। সূত্র জানায়, প্রায় আড়াই ঘণ্টা ধরে তাকে বসিয়ে রাখা হয় এবং ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।
উল্লেখ্য, সোমবার (১৫ জুন) দিল্লিতে অনুষ্ঠেয় আইওআরএ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। এ বিষয়ে গত শুক্রবার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিতও করেছিল।
তবে বিমানবন্দরে পৌঁছানোর পর উদ্ভূত পরিস্থিতিকে তিনি ব্যক্তিগত ও জাতীয় মর্যাদার প্রশ্ন হিসেবে দেখেন। পরে পাসপোর্ট ফেরত নিয়ে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
জানা গেছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ পরবর্তীতে তাকে ভারতে প্রবেশের জন্য বারবার অনুরোধ জানায়। কিন্তু তিনি সেই প্রস্তাবে সাড়া না দিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত বহাল রাখেন।
এরপর রাতেই তৃতীয় একটি দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরার জন্য ফ্লাইটে ওঠেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার দুপুরের আগেই তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।
ঘটনাটি কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
