ডেস্ক রিপোর্ট ॥ দেশের রাজনৈতিক মাঠে সম্ভাব্য নির্বাচনী সমীকরণকে নতুনভাবে আলোচনায় এনেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট—আইআরআই-এর সর্বশেষ জরিপ। এতে দেখা গেছে, আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপিকে ভোট দেবেন ৩০ শতাংশ ভোটার, আর জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ২৬ শতাংশ। মাত্র ৪ শতাংশ ব্যবধানকে বিশ্লেষকেরা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন, কারণ এটি ধর্মভিত্তিক এবং জাতীয়তাবাদী রাজনীতির মিল–অমিলকে নতুন মাত্রা দিতে পারে।
জরিপে দেখা গেছে, ছোট দলগুলোর প্রতিও উল্লেখযোগ্য পরিমাণ সমর্থন রয়েছে। এনসিপি পাবে ৬ শতাংশ, জাতীয় পার্টি ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ শতাংশ ভোট। অন্যান্য দল মিলিয়ে পাবে ৮ শতাংশ সমর্থন। বিশেষজ্ঞরা বলছেন, বড় দুই দলের ভোটার ঘনিষ্ঠতায় ছোট দলগুলো নির্বাচনে গেমচেঞ্জার ভূমিকা রাখতে পারে।
আইআরআই জরিপটি পরিচালিত হয় ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। আট বিভাগের ৬৩ জেলায় সরাসরি উপস্থিত হয়ে সিএপিআই পদ্ধতিতে সাক্ষাৎকার নেওয়া হয়। মোট ৪,৯৮৫ জন নাগরিক এতে অংশ নেন। জরিপকারীরা দাবি করেন, এর আস্থার পরিমাণ ৯৫ শতাংশ এবং ভুলের পরিমাণ ±১.৪ শতাংশ। তবে রাঙামাটি থেকে কোনো নমুনা নেওয়া হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচন ব্যবস্থায় ভোটের ব্যবধান অল্প হলেও আসন ব্যবধানে বড় পার্থক্য দেখা দিতে পারে। ফলে জরিপে বিএনপি এগিয়ে থাকলেও ছোট দলগুলো কার সঙ্গে জোট বাঁধবে, সেটাই চূড়ান্ত নির্বাচনী ফল অনেকাংশে নির্ধারণ করতে পারে।
জরিপটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে বিরোধী দলগুলোর সম্ভাব্য জোট নিয়ে।
