ডেস্ক রিপোর্ট ॥ দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল এবং উদ্বেগমুক্ত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই—তারেক রহমান হোক বা অন্য কেউ। প্রয়োজন হলে বিশেষ নিরাপত্তাও দেওয়া হবে।” মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতের প্রক্রিয়া চলছে। তবে তালিকা এখনই প্রকাশ করা হচ্ছে না। “পরিস্থিতির সঙ্গে সঙ্গে তালিকা পরিবর্তন হতে পারে, তাই চূড়ান্ত তালিকা প্রকাশের সময় হলে জানানো হবে,” বলেন উপদেষ্টা।
ফোনে আড়িপাতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শুধুমাত্র অথরাইজড সংস্থাগুলোই আড়িপাতবে। অন্য কারো করার সুযোগ নেই।”
তিনি জানান, বৈঠকে মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। নির্বাচনের সময় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধে বিশেষ নজরদারি বাড়ানো হচ্ছে।
বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন করলে বলেন, “যারা এর অধিকারী, তারা সিদ্ধান্ত দেবেন। আমি মন্তব্য করতে পারি না।”
বডি-ওর্ন ক্যামেরা কেনার প্রসঙ্গে তিনি বলেন, “যত প্রয়োজন, ততই কেনা হবে। ইতোমধ্যে যেগুলো এসেছে, সেগুলোর ব্যবহার প্রশিক্ষণও চলছে।”
বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, “এটি একটি বিশাল ভলিউম। পুরোটা পড়ে সুপারিশগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।”
