ডেস্ক রিপোর্ট ॥ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তেজগাঁওয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচনের গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে বক্তব্য দেন। তিনি বলেন, আসন্ন সাধারণ নির্বাচনের সঙ্গে একইসাথে গণভোট অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তি হিসেবে কাজ করবে।
ড. ইউনূস উল্লেখ করেন, এবারের নির্বাচন সাধারণ নয়, এটি জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত। গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এবং নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগোনো হবে।
তিনি জানান, নির্বাচনের সময় বিদেশি প্রতিনিধিদল ও পর্যবেক্ষক আসবেন। তারা যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখার সুযোগ পায়, সেই জন্য জেলা পুলিশ সুপারদের কার্যক্রম গুরুত্বপূর্ণ। অতীতের নির্বাচন প্রহসন বা প্রতারণার অভিযোগে বিতর্কিত হয়েছে, তাই এবার পুলিশ বাহিনীর ওপর নতুন মানদণ্ড প্রতিষ্ঠার দায়িত্ব বর্তায়।
ড. ইউনূস পুলিশ সদস্যদের মান উন্নয়নে প্রতিযোগিতামূলক কার্যক্রম ও পুরস্কার প্রদানের পরামর্শ দেন। এছাড়া, দায়িত্ব পালনের সময় কাগজে লেখা নির্দেশনা থেকে বের হয়ে চিন্তাশীলভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “এটি সকলের জন্য ঐতিহাসিক নির্বাচন। পুলিশ সুপাররা সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব গ্রহণ করুন।” এর মাধ্যমে দেশের জন্য একটি নতুন ভিত্তি স্থাপিত হবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করবে।
