ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের পর অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।” এতে নির্বাচনের আয়োজন ও অংশগ্রহণকারী জনগণের ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হয়।
পোস্টে আরও বলা হয়, “আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।” যুক্তরাষ্ট্রের এ মন্তব্যকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আগ্রহ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই এমন কূটনৈতিক বার্তা রাজনৈতিক ও কূটনৈতিক মহলে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে সম্ভাব্য নতুন সরকারের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে—এমন ইঙ্গিতই মিলেছে দূতাবাসের বার্তায়।
