ডেস্ক রিপোর্ট ॥ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দেওয়া এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে আওয়ামী লীগকে বিভ্রান্ত করা হচ্ছে এবং দেশে ফেরার অবাস্তব প্রত্যাশা তৈরি করা হচ্ছে।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করেন।
সোহেল তাজ লেখেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর শেখ হাসিনা আবার দেশে ফেরার কথা বলছেন বলে তিনি শুনেছেন। তিনি বলেন, অতীতের কর্মকাণ্ড অস্বীকার করে জনগণ ও দলকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
তার পোস্টে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার, দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আওয়ামী লীগকে ধ্বংস করা এবং বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগের কথা উল্লেখ করা হয়।
সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, আত্মসমালোচনা বা অনুশোচনা না করে ‘ষড়যন্ত্রের তত্ত্ব’ তুলে ধরে আওয়ামী লীগকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। এতে দেশের ভবিষ্যৎ আরও অন্ধকারের দিকে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
বিশ্ব ইতিহাসের উদাহরণ দিয়ে সোহেল তাজ বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনরায় ক্ষমতায় ফিরে আসার ঘটনা খুবই বিরল। তিনি দাবি করেন, ১৯৫০ সালে ব্রাজিলের গুইতালিও ভার্গাস, ৭০৫ সালে বিজান্টিন সম্রাট জাস্টিনিয়ান (দ্বিতীয়) এবং মেক্সিকোর এন্টোনিও লোপেজ ডি সান্টা আনা ক্ষমতায় ফিরেছিলেন। তবে তাদের প্রত্যেককে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
তার দাবি, শেখ হাসিনা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নয়, বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি দেশে ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়, জেলে যাবেন বলেও মন্তব্য করেন সোহেল তাজ।
