আন্তর্জাতিক ডেস্ক ॥ শনিবার (৩১ জানুয়ারি) পাকিস্তানের একাধিক জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক এবং ১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারত-সমর্থিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বেলুচিস্তানসহ বিভিন্ন এলাকায় একযোগে হামলা চালায়। হামলার মূল লক্ষ্য ছিল বেসামরিক জনগণ ও নিরাপত্তা বাহিনীর স্থাপনা।
আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, কোয়েটা, মাস্তুং, নুশকি, ডালবানদিন, খারান, পাঞ্জৌর, গোয়াদার এবং পানসি জেলায় এসব হামলা হয়। এতে ১৮ জন বেসামরিক নাগরিক শহীদ হন।
হামলার পরপরই পাকিস্তানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে। সেনাবাহিনীর দাবি অনুযায়ী, অভিযানে অন্তত ৯২ জন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে।
তবে অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য শহীদ হয়েছেন বলে আইএসপিআর নিশ্চিত করেছে। নিহতদের আত্মত্যাগের প্রশংসা করে সেনাবাহিনী বলেছে, সন্ত্রাস নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বুগতি জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযান প্রায় শেষ পর্যায়ে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, হামলার ছক ভারত থেকে তৈরি করা হয়েছে এবং জড়িত সন্ত্রাসীদের পাশাপাশি তাদের মদদদাতাদেরও ছাড় দেওয়া হবে না।
বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এই সহিংসতা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
