ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির ঘাড় ধরেই টান দেওয়া হবে: বরিশালে ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি ॥ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বড় দুর্নীতিবাজরা ছাড় পাবে আর ছোট অপরাধীরা শাস্তি পাবে—এ ধরনের বিচারব্যবস্থা গ্রহণযোগ্য নয়। দুর্নীতির মূল ধরেই ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নিজেরা চাঁদাবাজি করবে না এবং কাউকেও চাঁদাবাজি করতে দেওয়া হবে না।

গত সরকারের সময়ে অর্থ পাচারের চিত্র তুলে ধরে তিনি বলেন, ব্যাংক, বিমা ও মেগা প্রকল্পের নামে গত সাড়ে ১৫ বছরে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী চারটি জাতীয় বাজেটের সমান। এই অর্থ দেশের ১৮ কোটি মানুষের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, এসব টাকা উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

দলের ওপর নির্যাতনের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, বিচারিক প্রক্রিয়ার নামে দলের ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। পাশাপাশি হাজারো নেতাকর্মী নিহত ও বহু মানুষ পঙ্গু হয়েছেন।

৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার পতনের পর জামায়াত প্রতিশোধের রাজনীতিতে যাবে না। তবে শহীদ পরিবার ও নির্যাতিতদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে মিথ্যা মামলা ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

বরিশাল অঞ্চলের নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, নদী শাসনের চেয়ে নদী সংস্কার বেশি জরুরি। সঠিকভাবে বাঁধ নির্মাণ ও নদী সংস্কার করা গেলে এক দশকের মধ্যে বরিশালের চিত্র বদলে যাবে।

তিনি আরও বলেন, জামায়াতের দলীয় বিজয়ের চেয়ে জনগণের বিজয়ই বড়। রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই আইনের চোখে সমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।