নিজস্ব প্রতিবেদক ॥ দেশের সব পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় চার কোটি পরিবারের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পরিবারের নারী প্রধানের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।
তিনি বলেন, গৌরনদীতে আজ ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। পরবর্তী সময়ে এলাকার অন্যান্য পরিবারকেও ধাপে ধাপে এ কর্মসূচির আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার যে বাজেট পেয়েছে, তা আগের সরকারের তৈরি করা ছিল এবং সেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য কোনো বরাদ্দ ছিল না। তবে নতুন বাজেটে এ কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, আগামী এক বছরের মধ্যে সারা দেশে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এতে প্রতিটি উপজেলায় গড়ে প্রায় সাত হাজার পরিবার এ সুবিধা ভোগ করবে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে নারীদের শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া অপরিহার্য। সে লক্ষ্যেই উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীদের আর্থিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
