আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠেছে ইরানের রাজধানী তেহরান-এ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমন্বিত সামরিক হামলার পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে এবং চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
সোমবার ভোররাতে পশ্চিম তেহরানের শহীদ বাঘেরি আবাসিক কমপ্লেক্সে একাধিক বড় বিস্ফোরণ ঘটে। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরবর্তীতে রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলে একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নুর নিউজ জানিয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক স্থাপনাগুলোতে লক্ষ্যভিত্তিক হামলা চালানো হচ্ছে। মার্কিন সেন্টকমের দাবি, অভিযানের প্রথম ২৪ ঘণ্টাতেই এক হাজারের বেশি স্থাপনায় আঘাত হানা হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলায় ইরানের ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, আইআরজিসির সদরদপ্তর এবং বিভিন্ন কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।
শুধু তাই নয়, খামেনির পরিবারের সদস্যরাও হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি ইরানের সাবেক প্রেসিডেন্টসহ বহু শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন।
এই ঘটনার পর দেশজুড়ে অস্থিরতা দেখা দিয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা ও সম্ভাব্য পাল্টা সামরিক প্রতিক্রিয়ার আশঙ্কায় পুরো অঞ্চল এখন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
