ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উলুধ্বনি আর মন্ত্রপাঠে মুখর কুয়াকাটা, শেষ হলো রাস উৎসব

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৪, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥পাপ মোচন ও পুণ্য লাভের প্রত্যাশায় হাজারো সনাতন ধর্মাবলম্বীর সমাগমে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে দুই দিনব্যাপী রাস উৎসব। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের প্রধান পর্ব সম্পন্ন হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান, মন্ত্রপাঠ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে সৈকত।

স্নানের আগে নারীরা মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রে অর্পণ করেন। কেউ পূর্বপুরুষদের স্মরণে পিণ্ডদান করেন, আবার কেউ মানত পূরণের জন্য মাথা ন্যাড়া করেন। গোবিন্দ চন্দ্র বড়াল সাগরের পানি নিয়ে স্ত্রী ও সন্তানের মাথায় ঢেলে ধর্মীয় রীতি পালন করেন। পরিমল চন্দ্র দাস জানান, নানা সমস্যার মধ্য দিয়ে পার করা বছরের পর আগামী দিনগুলো ভালো কাটার প্রার্থনা নিয়ে তিনি পুণ্যস্নানে এসেছেন। ভক্ত দাস তাঁর প্রয়াত বাবার নামে করা মানত পূরণে পূর্ণিমার তিথিতে মাথা ন্যাড়া করেছেন।

স্নানের পর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। এর আগে রাতভর ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন, পূজার্চনা, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও কৃষ্ণনাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন উৎসবের উদ্বোধন করেন।

উৎসব ঘিরে সৈকতে বসে রাসমেলা। ব্যবসায়ীদের পণ্যের পসরা থেকে কোটি টাকার বেচাকেনা হলেও হোটেল, মোটেল ও রিসোর্টের মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ কক্ষ বুকিং হয়েছিল। আশপাশের জেলা থেকে দর্শনার্থীরা এলেও পর্যটকদের ভিড় ছিল কম।

মন্দিরের আহ্বায়ক প্রকৌশলী নিহার রঞ্জন সরকার নির্বিঘ্ন আয়োজনের কথা জানান। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল বরণ দাস বলেন, হাজারো নারী-পুরুষ পূর্ণিমার তিথিতে স্নান করেছেন। মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস নিরাপত্তা দিয়েছে; কোনো অঘটন ঘটেনি। ইউএনও আরিফুজ্জামানও আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সনাতনীদের বিশ্বাস, দ্বাপর যুগে কংস বধের পর পূর্ণিমায় রাধাকৃষ্ণের পরম প্রেমের স্মরণে রাস উৎসবের প্রচলন। প্রায় আড়াইশ বছর ধরে কার্তিক পূর্ণিমায় কুয়াকাটায় এ আয়োজন হয়ে আসছে। আজ থেকে কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে আরও তিন দিন উৎসব চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।