ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ব্যাংকিং খাতের দলীয়করণ, দুর্নীতি এবং প্রশাসনিক অস্থিরতার বিষয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব বিস্তারের কারণে জনগণের মধ্যে আস্থা সংকট তীব্র আকার ধারণ করেছে।
তিনি ইসলামী ব্যাংকের প্রসঙ্গ তুলে বলেন, ব্যাংকটিকে আবারও একটি বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণে দেওয়ার প্রক্রিয়া চলছে। এর ফলে সাধারণ আমানতকারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং পুরো ব্যাংকিং ব্যবস্থায় নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রমে দলীয় প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের আর্থিক খাতকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। তার মতে, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বাজেট প্রসঙ্গেও বলেন, শুধু বাজেট ঘোষণা করলেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বাজেট বাস্তবায়নের জন্য প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শক্তিশালী প্রতিষ্ঠান। কিন্তু বর্তমান কাঠামোতে সেই শর্তগুলো অনুপস্থিত।
দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কার্যকর হবে না বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, এসব প্রতিষ্ঠান দুর্বল থাকলে বড় বাজেটের আড়ালে দুর্নীতির সুযোগ আরও বেড়ে যাবে।
নাহিদ ইসলাম আরও বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়, কারণ রাজনৈতিক কাঠামোর দুর্বলতাই সব ধরনের আর্থিক সমস্যার মূল কারণ। তিনি বর্তমান সরকারের সংস্কার প্রতিশ্রুতিকে ‘শূন্য অগ্রগতি’ বলে অভিহিত করেন।
শেষে তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত না হলে এ ধরনের বাজেট সাধারণ মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে না, বরং সংকট আরও ঘনীভূত করবে।
