ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির গাবখান এলাকায় একটি কলাগাছে এক ছড়ায় ১২টি মোচা ধরার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। সাধারণ নিয়মে একটি ছড়ায় একটি মোচা দেখা গেলেও এই গাছে একের পর এক ১২টি মোচা বের হয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, প্রতিটি মোচাতেই কলা ধরেছে। ফলে গাছটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা।
জানা গেছে, প্রায় এক বছর আগে গাবখান এলাকার নদীর পাশের সড়কে মো. রিপন কয়েকটি কলাগাছের চারা রোপণ করেন। সম্প্রতি একটি গাছে ছড়া বের হওয়ার পর ধাপে ধাপে নতুন মোচা গজাতে থাকে। বর্তমানে মোট ১২টি মোচা দৃশ্যমান হয়েছে, যা স্থানীয়দের কাছে এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রায় ছয় ফুট উচ্চতার এই গাছটির ছবি ও ভিডিও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। ফলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে গাছটি দেখছেন। স্থানীয়দের কেউ এটিকে প্রকৃতির বিস্ময় বলছেন, আবার কেউ ধর্মীয় বিশ্বাস থেকে এটিকে ‘শেষ জামানার আলামত’ হিসেবেও উল্লেখ করছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, জীবনে এত কলাগাছ দেখলেও এক ছড়ায় ১২টি মোচা কখনও দেখেননি। অপর বাসিন্দা মতিনের ভাষ্য, এমন ঘটনা আগে শোনা বা দেখার অভিজ্ঞতা নেই।
তবে কৃষি সংশ্লিষ্টরা বিষয়টিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, এটি সম্ভবত গাছের বিরল জিনগত পরিবর্তন বা বিশেষ পরিবেশগত প্রভাবের ফল। এমন ঘটনা খুব কম দেখা গেলেও প্রকৃতিতে ব্যতিক্রমী বৈশিষ্ট্যের উদ্ভিদ মাঝে-মধ্যে জন্ম নিতে পারে।
বিরল এই কলাগাছ এখন ঝালকাঠির মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে গিয়ে গাছটি দেখছেন এবং অনন্য এই দৃশ্য স্মরণীয় করে রাখতে ছবি ধারণ করছেন।
