ডেস্ক রিপোর্ট ॥ পবিত্র রমজান মাস সামনে রেখে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার সুলভ মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জন্য প্রাণিজ আমিষ সহজলভ্য করা হবে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি হবে।
সভায় জানানো হয়, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৪৫ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি পিস ৮ টাকায় বিক্রি করা হবে।
সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
ঢাকা মহানগরের সচিবালয় এলাকা, ফার্মগেট, মিরপুর, আজিমপুর, নয়াবাজার, উত্তরা, রামপুরা, হাজারীবাগ, মতিঝিল, বাড্ডা, বনানী, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁওসহ মোট ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে প্রাথমিকভাবে বিক্রয় কেন্দ্র চালু হবে।
এছাড়া বিভাগীয় ও জেলা শহরগুলোতেও স্থানীয় চাহিদা অনুযায়ী একই ধরনের কার্যক্রম পরিচালিত হবে। ভবিষ্যতে স্থানীয় উদ্যোক্তা ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে বিক্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে।
