ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের সমর্থকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তুলে ধরে জামায়াত।
সংবাদ সম্মেলনে উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাদিজা বেগম জানান, সোমবার সকালে শুক্তাগড় ইউনিয়নের পিংড়ি এলাকায় তার নেতৃত্বে একদল নারী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রচার চালাতে গেলে বাধার মুখে পড়েন। প্রথমে মাজেদা বেগম তাদের প্রচারে বাধা দেন। পরে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে প্রচার বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়।
জামায়াতের অভিযোগ অনুযায়ী, বাধার মুখে তারা পাশের এলাকায় গেলে সেখানেও প্রচার করতে দেওয়া হয়নি। বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণাধীন বলে দাবি করেন। এ সময় জামায়াতের শুক্তাগড় ইউনিয়ন আমির আব্দুল আলিম ঘটনাস্থলে গেলে তাকেও অবরুদ্ধ করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা জানান, এর আগেও একই এলাকায় তিন থেকে চার দিন আগে প্রচারে গিয়ে তারা বাধার সম্মুখীন হন। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাদের দাওয়াতি ও নির্বাচনী কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
জামায়াতের এমপি প্রার্থী ড. ফয়জুল হক বলেন, “আমাদের বোনদের রাস্তায় অবরুদ্ধ করা হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয়।” তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
তবে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। প্রতিপক্ষকে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলে তিনি দাবি করেন।
