নিজস্ব প্রতিবেদক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রার্থীদের অভিযোগকে রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এসব বক্তব্য মূলত ভোটার আকর্ষণের জন্য দেওয়া হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় আইনশৃঙ্খলা মিটিং শেষে সাংবাদিকদের তিনি বলেন, “প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। যার যার রাজনৈতিক বক্তব্য সে সে দেবে।”
তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সারা দেশে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে রয়েছে ১ লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, প্রায় ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার সদস্য। উপকূলীয় অঞ্চলে নেভি ও কোস্টগার্ডের উপস্থিতি বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।”
তিনি আরও জানান, এবারের নির্বাচনে বিএনসিসি সদস্যদের নিয়োগ দেওয়া হবে। মাঠপর্যায়ে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। সুরক্ষা অ্যাপ ব্যবহারের মাধ্যমে আগের পূজাগুলো শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনও শান্তিপূর্ণ হবে।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। উপস্থিত ছিলেন পুলিশের আইজি বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
