আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৫৫ জনে দাঁড়িয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি এখনও উদ্বেগজনক এবং প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।
মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফার্স প্রদেশ-এ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। টানা আকাশ হামলায় বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত ১৩১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে।
সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হওয়ায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। উদ্ধার মিশনে ১ লাখের বেশি কর্মী মাঠে কাজ করছেন এবং প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবী সহায়তায় প্রস্তুত রয়েছেন।
যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় ত্রাণ পৌঁছাতে বিলম্ব হচ্ছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ায় রক্ত ও ওষুধের সংকট দেখা দিয়েছে।
ইরানের সামরিক কর্তৃপক্ষ হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে, তাদের লক্ষ্য কেবল সামরিক স্থাপনা।
তীব্র মানবিক সংকটের মধ্যেও রেড ক্রিসেন্ট জানিয়েছে, তারা পূর্ণ শক্তিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
সূত্র: আল জাজিরা
