ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপ ও হুইপ পদে নতুন নিয়োগ দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে। তার সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্য হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সচিব কানিজ মওলার সই করা আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
হুইপ হিসেবে দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্যরা হলেন—হবিগঞ্জ-৩ এর মো. জি কে গউছ, খুলনা-৩ এর রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ এর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ এর রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ এর মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ এর এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।
সংসদীয় কার্যপদ্ধতি বিধি অনুযায়ী চিফ হুইপ ও হুইপদের প্রধান দায়িত্ব হলো স্পিকারকে সহায়তা করা এবং সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখা।
