আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের সঙ্গে হওয়া নতুন সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার (২৩ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প চুক্তির সমালোচকদের উদ্দেশে বলেন, তাদের বিষয়টি সম্পর্কে আরও ‘শিক্ষিত’ হওয়া প্রয়োজন এবং বাস্তব পরিস্থিতি গভীরভাবে বোঝা উচিত।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন ইরানকে এমন এক অবস্থানে নিয়ে এসেছে, যা অতীতের কোনো মার্কিন প্রশাসন করতে পারেনি। তার মতে, নতুন সমঝোতা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সক্ষমতার একটি বড় উদাহরণ।
অন্যদিকে সিনেটর টেড ক্রুজ শুরু থেকেই এ চুক্তির কড়া বিরোধিতা করে আসছেন। তিনি বিশেষভাবে ইরানকে তেল বিক্রির সুযোগ দেওয়া এবং কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সম্ভাবনার সমালোচনা করেছেন। এক বক্তব্যে ক্রুজ বলেন, ‘ইতিহাস প্রমাণ করে, আমাদের ক্ষতি করতে চায় এমন ধর্মতান্ত্রিক উগ্র গোষ্ঠীগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার দেওয়া অত্যন্ত খারাপ সিদ্ধান্ত।’ তিনি আরও বলেন, ‘আমি চাই না আয়াতুল্লাহ সরকারের কাছে যুক্তরাষ্ট্রের একটি পয়সাও যাক।’
এদিকে চুক্তিটি নিয়ে শুধু রিপাবলিকানদের মধ্যেই নয়, ডেমোক্র্যাটদের মধ্যেও প্রশ্ন উঠেছে। কংগ্রেসের সদস্যরা অভিযোগ করেছেন, হোয়াইট হাউস এখনো সমঝোতা স্মারকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য দেয়নি। ফলে চুক্তির প্রকৃত বিষয়বস্তু, শর্ত এবং সম্ভাব্য প্রভাব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ক্যাপিটাল হিলে অনেক আইনপ্রণেতা প্রকাশ্যে উদ্বেগ জানিয়ে বলেছেন, এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে কংগ্রেসকে অবহিত করা প্রয়োজন ছিল। ট্রাম্প প্রশাসন যদিও এটিকে একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে, তবুও কংগ্রেসের ক্রমবর্ধমান চাপের মুখে চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশের দাবি আরও জোরালো হচ্ছে।
সূত্র: সিবিএস নিউজ
