আন্তর্জাতিক ডেস্ক ॥ হরমুজ প্রণালি বন্ধের সম্ভাব্য ঘোষণাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে দেশটির জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এমনকি তিনি দাবি করেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেবে।
দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ফক্স নিউজের সঙ্গে দীর্ঘ ফোনালাপে ট্রাম্প বলেন, ইরান যদি কোনো সমঝোতায় না আসে, তবে ওই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারকারী জাহাজ থেকে যুক্তরাষ্ট্র টোল আদায় শুরু করতে পারে। তার মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও যুক্তরাষ্ট্র নিতে পারে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের ‘অভিভাবক’ হিসেবে কাজ করলে সেখানে পরিবাহিত জ্বালানি তেলের ২০ শতাংশ পাওয়ার অধিকার রাখে। তার এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং যুদ্ধ অবসানের খসড়া চুক্তির শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে। এর পরপরই ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন এবং ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত দেন।
রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেবাননে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, ইরান যদি তাদের অর্থায়ন ও সহায়তা অব্যাহত রাখে, তবে দেশটির বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানো হবে।
এদিকে ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের বক্তব্যের বাস্তবতা ও আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠলেও এ বিষয়ে হোয়াইট হাউজ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
