আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের সঙ্গে বড় ধরনের চুক্তি না হলে দেশটিতে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববারই হামলা শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তবে ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে সমঝোতায় পৌঁছালে সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য হামলার সময় নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইরানে হামলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং অভিযানটি সম্ভবত রোববার শুরু হতে পারে। সাম্প্রতিক কয়েক দিনে যুক্তরাষ্ট্রের নতুন হামলার আশঙ্কা ঘিরে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান সমঝোতায় আগ্রহ দেখালেও চুক্তির শর্ত বাস্তবায়নে দেশটি কতটা আন্তরিক, তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন, ইরানিরা চুক্তি করতে চায়, তবে তারা শর্ত মেনে চলার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে কি না, সেটিই গুরুত্বপূর্ণ বিষয়।
ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাকে নিজের প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন ট্রাম্প। গত বছরের জুনে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের দাবি, চলতি বছর আবার হামলার সিদ্ধান্ত না নিলে আগের অভিযান ইরানের পারমাণবিক কর্মসূচি থামানোর জন্য যথেষ্ট ছিল কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকত।
অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগের মতোই তেল পরিবহন হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
ইরান সমঝোতায় না এলে সামরিক শক্তি প্রয়োগ করে দেশটিকে চুক্তিতে বাধ্য করার সম্ভাবনার কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, সামরিক অভিযান কিংবা সমঝোতা—যে পথেই পরিস্থিতির নিষ্পত্তি হোক, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জিতবে।
সূত্র: আনাদোলু।
