ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বাণিজ্য ও বিনিয়োগে বড় পরিবর্তনের ঘোষণা দুই দেশের

নিজস্ব প্রতিবেদন
জুন ২৩, ২০২৬ ৪:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ ও মালয়েশিয়া তাদের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে রূপান্তরিত করতে সম্মত হয়েছে। শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দুই দেশ।

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ বিষয়ে একমত হন। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার রোডম্যাপ তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত বাংলাদেশ–মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়া হবে এবং ২০২৭ সালের মধ্যে চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি উভয় দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

দুই দেশ মালয়েশিয়া-বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে। এর মাধ্যমে বেসরকারি খাতের মধ্যে নিয়মিত সংযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণ সম্ভব হবে।

টেলিযোগাযোগ, বন্দর ও লজিস্টিকস, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ সম্মত হয়।

শ্রমিক নিয়োগ বিষয়ে মালয়েশিয়া জানায়, নতুন কর্মী কোটার অনুমোদন নীতিগত কাঠামোর মধ্যে পৃথকভাবে বিবেচনা করা হবে। বাংলাদেশ শ্রমবাজার আরও উন্মুক্ত করার আহ্বান পুনর্ব্যক্ত করে।

প্রতিরক্ষা সহযোগিতায় বিদ্যমান সমঝোতা স্মারক কার্যকর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ, মানবপাচার এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত হয়।

রোহিঙ্গা সংকট নিয়ে দুই দেশ উদ্বেগ প্রকাশ করে এবং টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে সমাধানের আহ্বান জানায়।

আসিয়ান ও আরসিইপিতে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহকে মালয়েশিয়া সমর্থন জানায়। আঞ্চলিক অর্থনৈতিক একীকরণে বাংলাদেশের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

জ্বালানি খাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ, কয়লা ও চুনাপাথর উত্তোলন, তেল–গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য শক্তি প্রকল্পে মালয়েশিয়ার বিনিয়োগকে উৎসাহিত করা হয়।

দুই দেশের মধ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বিশ্ববিদ্যালয় অংশীদারত্ব, যৌথ গবেষণা এবং পর্যটন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একমত হয়।

মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করে দুই দেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সফরের অংশ হিসেবে যৌথ সংবাদ সম্মেলন, গার্ড অব অনার, রাজপ্রাসাদে সাক্ষাৎ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।