ডেস্ক রিপোর্ট ॥ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় গত ছয়-সাত মাসে দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজধানীর যানজট নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিটি করপোরেশন, পুলিশ, রোড ডিভিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সমন্বিত প্রচেষ্টায় ঢাকার ট্রাফিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে। একই সঙ্গে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরছে। মানুষও ধীরে ধীরে ট্রাফিক আইন মানতে শুরু করেছে। বাম পাশের লেন ফাঁকা রাখার মতো ইতিবাচক পরিবর্তনও এখন দেখা যাচ্ছে।
সড়ক খনন নিয়ে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের নির্দেশনার কথাও জানান তিনি। নতুন নির্দেশনা অনুযায়ী, একসঙ্গে পুরো রাস্তা খনন না করে নির্দিষ্ট একটি অংশের কাজ শেষ করতে হবে। কাজ শেষ হওয়ার পর ওই অংশ পুনর্নির্মাণ করা হবে এবং এরপর রাস্তার অন্য অংশে খননকাজ শুরু করা হবে। এতে নগরীর চলাচল ও যানবাহন ব্যবস্থাপনায় সৃষ্ট দুর্ভোগ কমানোর লক্ষ্য রয়েছে।
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নতুন কোনো যৌথবাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই। তবে পুলিশ, বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনীর সমন্বিত অভিযান চলবে এবং অপরাধ দমনে তা আরও জোরদার করা হবে। বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে চলমান উদ্যোগ অব্যাহত থাকবে।
দায়িত্বে অবহেলা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন হলে ফৌজদারি আইনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিসেম্বর নিয়ে বিভিন্ন মহলের গুঞ্জনের প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের বিজয়ের মাস এবং কোনো অপশক্তিকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে দেশজুড়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সমন্বিতভাবে আরও সক্রিয় থাকার কথা জানান তিনি।
