আন্তর্জাতিক ডেস্ক ॥ বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে আবারও কঠোর অবস্থান জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটি বলেছে, যুক্তরাষ্ট্র তাদের কথিত অপকর্ম বন্ধ না করা পর্যন্ত এই কৌশলগত নৌপথে আরোপিত অবরোধ বহাল থাকবে এবং ইরান এর ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখবে।
আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করা হয়েছে। বাহিনীটির দাবি, যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ঢাকতে ওয়াশিংটন বেআইনি জাহাজে হামলার অজুহাত তুলে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে।
ইরান আরও দাবি করেছে, তাদের আরোপিত নৌ অবরোধ ভেঙে হরমুজ প্রণালি অতিক্রম করার মতো সাহস কোনো বাণিজ্যিক জাহাজ দেখায়নি। এমনকি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের সামরিক সহায়তা নিয়েও কেউ ওই জলপথ ব্যবহার করার চেষ্টা করেনি।
বিবৃতিতে বলা হয়, যেহেতু অবরোধ লঙ্ঘনের কোনো চেষ্টা হয়নি, তাই কোনো জাহাজ বা অন্য লক্ষ্যবস্তুতে হামলার ঘটনাও ঘটেনি। আইআরজিসি তাদের অবস্থানকে সফল বলে দাবি করে জানিয়েছে, ভবিষ্যতেও হরমুজ প্রণালির ওপর কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে।
সূত্র: আল জাজিরা
