ডেস্ক রিপোর্ট ॥ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবারও বিরূপ আবহাওয়া অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১১টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
