ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণাঞ্চলের উন্নয়ন দাবিতে প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় বরিশালবাসী

নিজস্ব প্রতিবেদন
জুলাই ১১, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী সোমবার সরকারপ্রধান ও বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে উৎসাহ, উদ্দীপনা ও ব্যাপক প্রত্যাশার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবিতে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে— এমন আশায় দিন গুনছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী সেনাক্যাম্প পরিদর্শন করবেন। এরপর বরিশাল নগরের বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান), লেক বা গ্র্যান্ড পার্কসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভা করবেন। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি এবং ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ারও কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে দীর্ঘদিনের উন্নয়ন প্রকল্পগুলো। বিশেষ করে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা বা আশ্বাসের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।

সফর উপলক্ষে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী, বরিশাল জেলার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সফর সফল ও নির্বিঘ্ন করতে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে নগরীর বিভিন্ন এলাকায় শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও প্রচার কর্মসূচি পালন করছেন। দলীয় কার্যালয়গুলোতেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সচেতন নাগরিকদের মতে, সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নিয়ে আসতে পারে। তাই আগামী সোমবারের সফরের দিকে এখন পুরো দক্ষিণাঞ্চলের মানুষের দৃষ্টি নিবদ্ধ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।