বানারীপাড়া প্রতিনিধি ॥ মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও প্রায় সাত বছর ধরে পলাতক থাকা বানারীপাড়ার বিএনপি নেতা নাসির উদ্দিনকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেনা সূত্র জানায়, বানারীপাড়া আর্মি ক্যাম্পের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টিম লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ করিমুলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে বানারীপাড়া থানায় সোপর্দ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ ডিসেম্বর ঢাকার যাত্রাবাড়ীতে র্যাব-১০ নাসির উদ্দিনকে ৮০০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোনসহ আটক করে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৪ জানুয়ারি আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার সময় জামিনে থাকা নাসির উদ্দিন কৌশলে পালিয়ে যান এবং দীর্ঘদিন আত্মগোপনে থাকেন। এমনকি তিনি নিজেকে মামলার আসামি নন বলে প্রমাণের জন্য ভুয়া প্রত্যয়নপত্র সংগ্রহ করে পুলিশ ও আদালতকে বিভ্রান্ত করেন বলে অভিযোগ রয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনের পর ২০২৫ সালের ১২ মে আদালত পুনরায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে সেনাবাহিনী অভিযান চালায়।
সোমবার সকালে তাকে বরিশাল আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
