নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতকরণে রবিবার (১ ফেব্রুয়ারি) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আয়োজন করে বাবুগঞ্জ ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্প।
সভায় উপজেলার বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ কুমার রায় ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের ২৬ জন প্রতিনিধি নিজ এলাকার নিরাপত্তা ও ভোটকেন্দ্র পরিস্থিতি নিয়ে অভিজ্ঞতা ও উদ্বেগ শেয়ার করেন।
সভায় সভাপতিত্ব করেন ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হক। তিনি বলেন, নির্বাচনের দিন সংখ্যালঘু ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। ভোটারদের ওপর চাপ বা হুমকি প্রদর্শনকারীকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, নির্বাচনী নিরাপত্তা জোরদার করতে প্রতিটি কেন্দ্রে প্রয়োজন হলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। র্যাব, পুলিশ, আনসার ও সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
সভায় নেতৃবৃন্দ তাদের এলাকার ভোটার সচেতনতা, নিরাপত্তা উদ্বেগ এবং জনমনে থাকা আশঙ্কা তুলে ধরেন। উপস্থিত নেতারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভার শেষে ক্যাম্প কমান্ডার অংশগ্রহণকারীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং মাঠপর্যায়ে নিরাপত্তা প্রস্তুতির বিস্তারিত অবহিত করেন।
