ডেস্ক রিপোর্ট ॥ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার আশঙ্কায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার দুপুর ১টার মধ্যে দেশের ২০টি জেলার ওপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য প্রকাশিত নদীবন্দর সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
যেসব এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলো হলো—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। সম্ভাব্য ঝড়ো পরিস্থিতির কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টির কারণে নগর ও নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিসের পরামর্শ অনুযায়ী, নদীপথে চলাচলকারী ছোট নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী কিংবা উঁচু স্থানে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে। পরিবর্তনশীল আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় দিনের আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন দেখা দিতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
