ডেক্স রিপোর্ট :বরিশালে পুরান পারায় জমি বিরোধে ভাগিনাকে হত্যা, ঘটনা ভিন্ন খাতে নিতে নিজেদের ঘরে আ*গু*ন!
বরিশাল জমি সংক্রান্ত বিরোধের জেরে কামরুল ইসলাম নামে ৫২ বছরের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মামাতো ভাই সুরুজ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে নগরীর কাউনিয়া পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথার কাটাকাটি হলে একপর্যায়ে সুরুজ, তার বাবা আনোয়ার হোসেন ও ছেলে মিরাজ মিলে কামরুলকে মারধর করেন।
অভিযোগ রয়েছে, এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় কামরুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরবর্তীতে, হত্যার পর ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করাও হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভু্ক্তভোগী কামরুলের পরিবারের দাবি, যারা হামলা চালিয়ে হত্যার ঘটনা ঘটিয়েছে, তাদেরই একজন মিরাজ নিজেদের ঘর থেকে জমির দলিলসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়ে নিজেদের ঘরেই আগুন দিয়ে দেন, যাতে ঘটনাটি অন্যদিকে মোড় নেয়। তবে অগ্নিকাণ্ডের এ অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘর থেকে উদ্ধার হওয়া জমির দলিল তাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় সুরুজের বাবা আনোয়ার হোসেন, স্ত্রী খাদিজা ও ছেলে মিরাজকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ড ও পরবর্তী অগ্নিকাণ্ডের অভিযোগ দুই বিষয়েই তদন্ত চলমান রয়েছে।
