পিরোজপুর প্রতিনিধি ॥ একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন যুবকের। পিরোজপুরের বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আপন দুই খালাতো ভাই রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২৪) এবং সুনানের খালাতো ভাই সাজিদ (২৩)। আহত মো. মাহফুজুর রহমান (২৫) কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম হায়দার আলী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাঁদের মধ্যে দুজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে এবং অন্যদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আহতদের খুলনায় পাঠানো হয়।
প্রথমে শান্তকে খুলনায় নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সুনান ও সাজিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। পর্যায়ক্রমে তাঁদের খুলনায় পাঠানো হয়। মাহফুজুর রহমান এখনো চিকিৎসাধীন।
