ডেস্ক রিপোর্ট ॥ চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে এবং আইসিটিতে ৩৮ হাজার ৭৫টি আবেদন করেছেন পরীক্ষার্থীরা। বিষয় দুটিতে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষক সংকট ও পাঠ্যক্রমের জটিলতার কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।
আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, গত দুই বছর ধরে পরীক্ষা আয়োজন থেকে মূল্যায়ন পর্যন্ত প্রতিটি ধাপে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা হচ্ছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই। এমনকি সরকারি কলেজেও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে পাঠদান করানো হয়। বিজ্ঞান বিভাগের তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছে আইসিটির পাঠ্যক্রম বেশি কঠিন মনে হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সর্বোচ্চ জিপিএ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন, তাঁদের আবেদনের সংখ্যা ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি বিষয়ের ফল।
এর আগে এসএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে ১১ বোর্ডে ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি পত্রের জন্য আবেদন করেছিলেন। যাচাই শেষে ফেল থেকে উত্তীর্ণ হন ৪ হাজার ৫৮৫ জন এবং নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন।
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান।
