নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগরীর কেডিসি বস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে কোতোয়ালী মডেল থানাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে কেডিসি বস্তি এলাকায় মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামকে আটক করার উদ্দেশ্যে অভিযান শুরু করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি আগেই পালিয়ে যান। পরবর্তীতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সংগ্রহ ও বাজারজাত করা হতো। প্রাথমিক তদন্তে সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলুর যৌথ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
ডিবি পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
মহানগর ডিবি পুলিশ আরও জানায়, বরিশাল অঞ্চলে মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে।
