ডেস্ক রিপোর্ট ॥ চলতি বছরের হজ মৌসুমে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক সোমবার (৪ মে) দিবাগত রাতে প্রকাশিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, নিহতদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে সাতজন মক্কায় এবং দুজন মদিনায় মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রী হলেন ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) ও চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম (৫২)। তারা বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে গিয়ে মক্কায় মৃত্যুবরণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।
এদিকে হজ মৌসুম শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১১৮টি ফ্লাইটে ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৪ হাজার ৪৪৩ জন।
হজযাত্রী পরিবহনে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৪টি ফ্লাইট। পাশাপাশি সৌদি এয়ারলাইন্স ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। গত ১৮ এপ্রিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। হজযাত্রী পরিবহন ৩১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।
