ডেস্ক রিপোর্ট ॥ দেশের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের দুটি বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তন ও দায়িত্ব সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রস্তাব অনুযায়ী, অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)-এর নতুন নাম হবে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ এবং ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম হবে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)’।
গত ৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এটিইউর নাম পরিবর্তনের অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠানো হয়। পরে ৮ জুন ডিএমপি কমিশনারের কাছেও সিটিটিসির নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়। এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, দ্রুত পরিবর্তিত বৈশ্বিক ও দেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন বলেন, সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর জন্য এই পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং ইউনিটগুলোর বিদ্যমান নিরাপত্তা দায়িত্ব অপরিবর্তিত থাকবে।
পুলিশ সদর দপ্তরের প্রস্তাবে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি ও অনলাইন যোগাযোগের বিস্তারের ফলে নিরাপত্তা ঝুঁকির ধরন বদলে গেছে। জঙ্গি ও উগ্রবাদী গোষ্ঠীগুলো এখন অনলাইনে গুজব ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি, ধর্মের অপব্যাখ্যা দিয়ে সদস্য সংগ্রহ এবং তরুণদের ‘স্লিপার সেল’-এ যুক্ত করার মতো কৌশল ব্যবহার করছে। এসব হুমকি মোকাবিলায় আরও বিস্তৃত দায়িত্বসম্পন্ন নিরাপত্তা কাঠামো প্রয়োজন।
প্রস্তাব অনুযায়ী, নতুন ইউনিট দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জাতীয় স্থিতিশীলতা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও দায়িত্ব পালন করবে। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে পরিচিত নাম ব্যবহারের ফলে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় বাড়বে। পুলিশ সদর দপ্তরের দাবি, এই পরিবর্তনের জন্য অতিরিক্ত সরকারি অর্থ ব্যয় হবে না।
২০১৬ সালের হোলি আর্টিজান হামলার পর এটিইউ গঠনের উদ্যোগ নেওয়া হয় এবং ২০১৭ সালের ৭ ডিসেম্বর ইউনিটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে এর অনুমোদিত জনবল ৬২০ জন।
তবে নাম পরিবর্তন ও দায়িত্ব সম্প্রসারণের প্রস্তাব নিয়ে দুই ইউনিটের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, অতিরিক্ত দায়িত্ব আরোপ করা হলে জঙ্গিবাদ দমনে বিশেষায়িত সক্ষমতা ও কার্যকারিতা কমে যেতে পারে।
