আন্তর্জাতিক ডেস্ক ॥ ইসরায়েলের কথিত পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীরবতা ও কৌশলগত অস্পষ্টতার নীতি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কার মধ্যে ওয়াশিংটনের এই অবস্থান কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন মার্কিন আইনপ্রণেতা ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধবিষয়ক বিশেষজ্ঞরা।
১৯৬০-এর দশক থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পারমাণবিক অস্ত্রের বিষয়টি নিয়ে প্রকাশ্যে স্বীকারোক্তি এড়িয়ে আসছে। শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছিল, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা প্রকাশ পেলে সোভিয়েত ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিতে পারে। অন্যদিকে ইসরায়েল মনে করত, নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করলে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ ও পরিণতির মুখে পড়তে হবে।
পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম কারখানা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার ঘটনার বছরই ইসরায়েল সফর করেন হেনরি কিসিঞ্জার। তখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রিপাবলিকান নেতাদের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ছিলেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভের একটি স্মারক অনুযায়ী, কিসিঞ্জারের বিশ্বাস ছিল, ইসরায়েল ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ওই কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছিলেন।
১৯৬৯ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে পাঠানো এক স্মারকে কিসিঞ্জার সতর্ক করেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র অর্জনের ফলে ক্ষোভের বশে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা বেড়ে যেতে পারে। নিক্সন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিলেও কিসিঞ্জার বুঝতে পারেন, বাস্তবে দেশটিকে থামানো কঠিন। কারণ, বিষয়টি প্রকাশ্যে এলে মার্কিন কংগ্রেস ক্ষুব্ধ হতে পারত। পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তুলতে পারত।
এ পরিস্থিতি এড়াতে ওয়াশিংটন পারমাণবিক সক্ষমতা নিয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতি গ্রহণ করে। কিসিঞ্জার তার স্মারকে লেখেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের মালিকানা যেন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্যে পরিণত না হয়। ইতিহাসবিদ আভনার কোহেনের ধারণা, ১৯৬৯ সালের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে নিক্সন ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের একান্ত বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়েছিল। বৈঠকের লিখিত নথি পাওয়া যায়নি। তবে পরবর্তী একটি স্মারকে বৈঠকের উল্লেখ রয়েছে। সেখানে নিক্সনের মূল উদ্বেগ ছিল, ইসরায়েল যেন প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র থাকার ঘোষণা না দেয় কিংবা পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন চাপ কার্যত বন্ধ হয়ে যায়।
সম্প্রতি এ নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও সমালোচনা বেড়েছে। ডেমোক্রেটিক পার্টির নেতা ও প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র ও গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য হোয়াকিন কাস্ত্রো বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়া বিপজ্জনক। কারণ, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের সীমারেখা কোথায়, তা যুক্তরাষ্ট্র জানে না। এমনকি ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা হলে কিংবা দেশটি অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্রের জরুরি পরিকল্পনা কী, সেটিও স্পষ্ট নয়।
গত জুনে কংগ্রেসের উন্মুক্ত শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এ বিষয়ে প্রশ্ন করেন কাস্ত্রো। জবাবে রুবিও বলেন, বিশ্বের বেশির ভাগ দেশই মনে করে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেউই প্রকাশ্যে তা স্বীকার করেনি এবং বিভিন্ন কারণে মার্কিন পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয় না।
এদিকে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথা বলে গত ২৮ ফেব্রুয়ারি দেশটির ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আট মাসের বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধে লক্ষ্য অর্জন ব্যর্থ হতে পারে বলে মনে করছেন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধবিষয়ক বিশেষজ্ঞরা। গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ভোটের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, বছরের শেষে ইসরায়েলকে দেওয়া প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। তার মতে, ইসরায়েলের এখন আর এ সহায়তার প্রয়োজন নেই।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পারমাণবিক কৌশলবিদ ম্যাথিউ ক্রোয়েনিগ সতর্ক করে বলেছেন, ইসরায়েল প্রকাশ্যে পারমাণবিক শক্তিধর দেশের স্বীকৃতি দিলে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর ওপরও একই পথে হাঁটার চাপ তৈরি হবে। এতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যা যুক্তরাষ্ট্রের নীতির জন্যও ক্ষতিকর। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নির্দিষ্ট অস্ত্রব্যবস্থা ও সামরিক অবস্থানসংক্রান্ত প্রতিবেদন নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করাই তাদের দীর্ঘদিনের নীতি। এ বিষয়ে হোয়াইট হাউস ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করেনি। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস প্রশ্নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেছিল।
