ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বন্ধ যমুনা ডিপো: দীর্ঘ অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ২৩, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ দক্ষিণাঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব ফেলেছে ঝালকাঠির সুগন্ধা নদীতে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড–এর ভাসমান বার্জ ডিপোর দীর্ঘ দুই বছরের অচলাবস্থা। কার্যক্রম বন্ধ থাকায় বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় ব্যবসায়ী ও ভোক্তাদের বাড়তি মূল্য দিয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে।

ডিপোটি চালু থাকা অবস্থায় প্রতি মাসে প্রায় চার লাখ লিটার ডিজেল ঝালকাঠি ছাড়াও বরিশাল, ভোলা, শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলে সরবরাহ করা হতো। কিন্তু বার্জের একটি সংরক্ষণ ট্যাংকের নিচে ছিদ্র ধরা পড়ায় নিরাপত্তা ঝুঁকি দেখা দেয় এবং কর্তৃপক্ষ ডিপোটি বন্ধ ঘোষণা করে।

পরে বার্জটি মেরামতের জন্য চট্টগ্রামে পাঠানো হয়। সংস্কার শেষে গত ডিসেম্বর মাসে এটি পুনরায় ঝালকাঠিতে ফিরলেও এখনো পুরনো ট্যাংকে থাকা প্রায় ৭৫ হাজার লিটার ডিজেল বাজারজাত করা হয়নি। দীর্ঘদিন সংরক্ষণের কারণে তেলে গাদ জমার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ডিপো কর্তৃপক্ষ। নতুন তেলের সঙ্গে মিশিয়ে তা বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্থানীয় ডিলার ও ব্যবসায়ীরা বলছেন, ডিপো বন্ধ থাকায় বাইরে থেকে বেশি দামে তেল আনতে হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে পরিবহন ও কৃষি খাতে। অনেকেই মনে করছেন, সংরক্ষিত তেল পরীক্ষার মাধ্যমে ব্যবহারযোগ্য অংশ দ্রুত বাজারে ছাড়া গেলে সাময়িক সংকট কমতে পারে।

ডিপোর সিনিয়র কর্মকর্তা মো. আবুল বাশার জানিয়েছেন, মেরামত শেষ হয়েছে এবং সরবরাহ পুনরায় চালুর প্রস্তুতি চলছে। ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম আশা প্রকাশ করেছেন, আগামী মাস থেকেই ডিপো চালু হলে জেলার জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।