পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিক ও পরিবেশকর্মী আরিফ রহমানকে ঘিরে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। কর্মসূচিতে কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ, টোয়াক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ, শুটকি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ট্যুরিস্ট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাহিন এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজুসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশ নেন।
বক্তারা বলেন, আরিফ রহমান দীর্ঘদিন ধরে উপকূলীয় পরিবেশ সংরক্ষণ ও পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।
রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটার উন্নয়ন ও পর্যটনের ইতিবাচক ভাবমূর্তি গঠনে আরিফ রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মানববন্ধন থেকে অপপ্রচার বন্ধ, সত্য প্রতিষ্ঠা এবং আরিফ রহমানের সম্মান রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং ভবিষ্যতেও এ অবস্থান বজায় রাখবেন।
