ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির আকাশে শুক্রবার সন্ধ্যার আগে দেখা যাওয়া রহস্যময় আলোর দীর্ঘ রেখা ঘিরে জনমনে সৃষ্টি হয়েছে বিস্ময়, কৌতূহল ও নানা জল্পনা। আকস্মিকভাবে আকাশে ভেসে ওঠা আলোকচ্ছটাটি স্থানীয়দের দৃষ্টি কাড়ে এবং মুহূর্তের মধ্যেই বিষয়টি আলোচনার কেন্দ্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট এলাকার নদীর পাড়ে অবস্থানরত কয়েকজন প্রথমে অদ্ভুত আলোর রেখাটি লক্ষ্য করেন। আকাশজুড়ে বিস্তৃত উজ্জ্বল রেখাটি ধীরে ধীরে দৃশ্যমান হলে আশপাশের লোকজনও ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
স্থানীয়দের মতে, আলোর রেখাটি দেখতে অনেকটা রকেট বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আলোর মতো ছিল। আবার কেউ কেউ এটিকে ধূমকেতু কিংবা মহাকাশ সংক্রান্ত কোনো বিরল ঘটনার অংশ বলে ধারণা করছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
খেয়াঘাট এলাকার মাঝি আব্দুল মতিন বলেন, প্রথমে বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ইরান-ইসরায়েল যুদ্ধের সময় দেখা ভিডিওর মতো মনে হয়েছিল দৃশ্যটি। জীবনে এমন আলোর রেখা আগে কখনো দেখেননি বলে জানান তিনি।
একই এলাকার শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, নদীর পাড়ে বসে থাকা অবস্থায় হঠাৎ আকাশে আলো দেখতে পান। পরে স্থানীয়রা একত্র হয়ে বিস্ময়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে দৃশ্যটি পর্যবেক্ষণ করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রহস্যময় আলোর উৎস নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। বিভিন্ন ধরনের ব্যাখ্যা সামনে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। ফলে ঝালকাঠিবাসীর কাছে ঘটনাটি এখনো এক রহস্য হিসেবেই রয়ে গেছে।
