ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে বড় ধরনের সহায়তা হিসেবে পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। এই অনুদানের আওতায় ৩ লাখ ৮০ হাজার ডোজ WHO প্রি-কোয়ালিফাইড পোলিও ভ্যাকসিন (Sabin Strain) বাংলাদেশ সরকারকে প্রদান করা হয়েছে।
সরকারের টিকাদান কর্মসূচিকে সহায়তা এবং বিশেষ করে Expanded Programme on Immunization (EPI) কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভ্যাকসিনটির নাম Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin strains) (sIPV), যার মোট পরিমাণ ৩,৮০,০০০ ডোজ বা ৭৬,০০০ ভায়াল। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমোদিত একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন।
বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন গ্রহণ করেন।
অনুষ্ঠানে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে এই অনুদানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ভ্যাকসিন দেশের শিশুদের পোলিও প্রতিরোধে টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী করবে এবং ইপিআই কার্যক্রমের পরিধি বাড়াতে সহায়তা করবে।
