ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

চারদিন পানিশূন্য রাজাপুর হাসপাতাল, চিকিৎসাসেবায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

নিজস্ব প্রতিবেদন
মে ১৫, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পানির অভাবে হাসপাতালের টয়লেট ও বাথরুম অচল হয়ে পড়েছে এবং অপরিচ্ছন্ন পরিবেশে রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে হামের রোগীসহ ৮৮ জন রোগী ভর্তি রয়েছেন। চিকিৎসক, নার্সসহ ৯টি পরিবার হাসপাতাল কোয়ার্টারে বসবাস করায় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। পানির কল শুকিয়ে যাওয়ায় রোগীর স্বজনরা খাল ও পুকুর থেকে পানি এনে দৈনন্দিন কাজ চালাচ্ছেন।

ভর্তি রোগী খাদিজা ও মিনারা খাতুন জানান, হাসপাতালে থেকেও মৌলিক সুবিধা পাচ্ছেন না। গোসল করা সম্ভব হচ্ছে না, এমনকি টয়লেট ব্যবহারের পর প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। অপরদিকে হামে আক্রান্ত সন্তানদের নিয়ে থাকা আফরোজ আক্তার ও কাজল বেগম বলেন, শিশুদের কাপড় পরিষ্কার রাখতে বাইরে গিয়ে খালের পানি ব্যবহার করতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রায় ৫৫ বছর পুরোনো সাবমার্সিবল টিউবওয়েলের গভীরে থাকা লোহার পাইপ ও হাউজিং ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। বিষয়টি সমাধানের দায়িত্ব স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে সমস্যাটি চলছিল। নতুন মোটর বসানো হলেও দুটি মোটর নষ্ট হয়ে যায়। বর্তমানে পাইপ ওয়াশিং চলছে; ব্যর্থ হলে পুকুর থেকে বিকল্প পানি সরবরাহ চালু করা হবে। নতুন গভীর নলকূপ বসাতে ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে এবং এর সঙ্গে অর্থ বরাদ্দের বিষয় জড়িত।

স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবিরও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।