ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নতুন বেতন কাঠামো না এলে দেশজুড়ে কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২৭, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারকে আগস্ট মাস পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। নির্ধারিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

রোববার সদস্যসচিব আশিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে প্রথম ধাপে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করা হবে। সেই আলোচনা থেকে গ্রহণযোগ্য সমাধান না এলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

আশিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে একটি সময়োপযোগী, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশা করছেন। কিন্তু এখনো নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা, উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি বলেন, সরকারের দ্রুত উদ্যোগে নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নত হবে। একই সঙ্গে তাদের কর্মদক্ষতা বাড়বে এবং জনসেবার মান আরও উন্নত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি সবসময় শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাস করে। সে কারণে প্রথমে সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হলে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে সারা দেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।