পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী সদর উপজেলার ধলু গাজীর মোড় এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর ঢাকাগামী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন হলেন গলাচিপার আমখোলা গ্রামের কাইউম প্যাদা (৫০), চার আনি বাউরিয়া গ্রামের শিল্পী রানী (৪০), বদরপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৫) এবং বাউফলের বিলবিলাস গ্রামের তিথী (২৩)। নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে যাওয়া ইমরান ট্রাভেলসের বাসটি বসাক বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, নিহত সবাই অটোরিকশার যাত্রী। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। যাত্রী সালমান অভিযোগ করেন, বাসটি শুরু থেকেই বেপরোয়া গতিতে চলছিল। আরেক যাত্রী আবির ইসলাম জানান, তারা তাবলিগ জামাতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নাতিকে নিয়ে ছিটকে পড়েও তারা বেঁচে যান।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রেজোয়ান জানান, দুটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। বাসের ভেতর বা পানিতে আর কেউ আটকা আছেন কি না, তা দেখা হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, উদ্ধার শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
