নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডসংলগ্ন নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে থেকে এক ছেলে ও এক মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর সময় ময়লার স্তূপে দুটি প্লাস্টিকের বাটি দেখতে পান। পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন পরে বাটিগুলোর ভেতরে দুই নবজাতকের নিথর মরদেহ দেখতে পান। তিনি দ্রুত বিষয়টি স্থানীয়দের জানান।
খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল-মামুন উল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়দের ধারণা, আশপাশের কোনো বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল থেকে রাতের অন্ধকারে আবর্জনার সঙ্গে নবজাতক দুটির মরদেহ সেখানে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ধারণার সত্যতা নিশ্চিত হয়নি।
ঘটনার পেছনে কারা রয়েছে, নবজাতক দুটির মরদেহ কোথা থেকে আনা হয়েছে এবং কীভাবে সেগুলো ময়লার স্তূপে পৌঁছেছে—এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ইতোমধ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে আইনগত তদন্ত প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।
নবজাতক দুটির পরিচয় এবং মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পর আরও স্পষ্ট হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
