আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেই সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে পুনরুদ্ধারের খবর এবং যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—দুই ধরনের অপরিশোধিত তেলের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। রয়টার্সের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে নেমেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ। ফলে এর দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৫ ডলার।
সাম্প্রতিক সময়ে হুথি হামলার কারণে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও তেল পরিবহন ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল। পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলার পর দেশটির ইয়ানবু বন্দর থেকে তেল সরবরাহও ব্যাহত হয়। তবে বিকল্প পথে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়ায় সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এসেছে।
রয়টার্স জানিয়েছে, সৌদি আরামের তেল রপ্তানি সেপ্টেম্বরে দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি পর্যায়ে উঠেছে, যেখানে আগস্টে তা প্রায় ২৪ লাখ ব্যারেলে নেমে গিয়েছিল। এই অতিরিক্ত সরবরাহ বিশ্ববাজারে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনাও বাজারে প্রভাব ফেলছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, চলতি সপ্তাহে সংঘাত প্রশমনে কূটনৈতিক পথ খোলার প্রত্যাশায় তেলের দাম থেকে ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্যের কিছু অংশ কমে যাচ্ছে। তবে সেই কূটনৈতিক উদ্যোগ বাস্তবে সফল হবে কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।
হুথি হামলা ও মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলেও সৌদি সরবরাহের আংশিক পুনরুদ্ধার এবং কূটনৈতিক সম্ভাবনা তেলের বাজারে তাৎক্ষণিকভাবে কিছুটা স্বস্তি তৈরি করেছে।
সূত্র: আল জাজিরা
