ডেস্ক রিপোর্ট ॥ নবম জাতীয় বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে উচ্চগ্রেডের কর্মকর্তাদের বার্ষিক বেতন বৃদ্ধির হার কমানো এবং বিভিন্ন ভাতায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন কাঠামো সামরিক-বেসামরিক, রাষ্ট্রায়ত্ত কোম্পানি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় বেতন কাঠামো ২০২৬ ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুমোদন করা হয়। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং দেশের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় বেতন কমিশন ২০২৫-এর প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
নতুন কাঠামোয় প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন কমিশন ১ লাখ ৬০ হাজার টাকা প্রস্তাব করলেও সচিব কমিটি তা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার সুপারিশ করে। অষ্টম ও নবম গ্রেডে কমিশনের প্রস্তাবিত ১০৫ শতাংশ বেতন বৃদ্ধির পরিবর্তে ১০০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয় এবং সেটিই অনুমোদিত হয়েছে। অন্য গ্রেডে কমিশনের প্রস্তাব বহাল রয়েছে। মোট ২০টি গ্রেড রাখা হয়েছে এবং ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা করা হয়েছে।
নতুন কাঠামোয় চিকিৎসা ভাতাও বাড়ছে। ৫০ বছর পর্যন্ত চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। ৬০ থেকে ৭০ বছর বয়সী পেনশনভোগীরা ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সীরা ৬ হাজার টাকা পাবেন। বর্তমানে চাকরিজীবীদের চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং ৬৫ বছরের বেশি পেনশনারদের ২ হাজার ৫০০ টাকা।
প্রথমবার সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী মোবাইল ভাতা পাবেন। প্রথম থেকে পঞ্চম গ্রেডে মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রথম থেকে তৃতীয় গ্রেডে ১ হাজার ৫০০ এবং চতুর্থ ও পঞ্চম গ্রেডে ১ হাজার টাকা পাওয়া যায়।
যাতায়াত ভাতা ৩০০ থেকে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে ৩০০ টাকা করা হচ্ছে। বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ হবে। পাহাড়ি ভাতা ২০ শতাংশ অপরিবর্তিত থাকবে; সর্বোচ্চ সীমা জেলা ও উপজেলা সদরে ৫ হাজার এবং সদরের বাইরে ৫ হাজার ৫০০ টাকা। হাওর, দ্বীপ ও চরভাতাও ২০ শতাংশ থাকবে, সর্বোচ্চ ৫ হাজার টাকা।
শিক্ষা সহায়ক, কার্যভার, আপ্যায়ন, রাঁধুনি ও নিরাপত্তা, উৎসব এবং শ্রান্তি-বিনোদন ছুটি ও ভাতার বর্তমান হার বহাল থাকবে। নতুন কাঠামো প্রথমে আংশিক মূল বেতন কার্যকর করে পরবর্তী দুই ধাপে পূর্ণ সমন্বয় করা হবে। আনুষঙ্গিক ভাতাগুলো কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
