ডেস্ক রিপোর্ট ॥ জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত গণ-অভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্রকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। প্রামাণ্যচিত্রে শহীদ আবু সাঈদের ছবি না থাকাকে বড় ধরনের ত্রুটি হিসেবে উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আবু সাঈদের ছবি ছাড়া সেটি কোনো ডকুমেন্টারি হতে পারে না।
বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, প্রামাণ্যচিত্রে একাধিক ভুল রয়েছে। আবু সাঈদ এই গণ-অভ্যুত্থানের প্রতীক হলেও তার ছবি সেখানে নেই। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। তাই এ নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত থাকা উচিত ছিল। সংসদের মতো ওয়াকআউট করাকে তিনি বাঞ্ছনীয় নয় বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। সরকারের কোনো ভুল হলে জনগণ তা ধরিয়ে দিলে সরকার তা সংশোধন করবে। তিনি বলেন, সরকার অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না।
এর আগে প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময়ই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের ইতিহাস যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।
প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষ হওয়ার পর মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে উচ্চস্বরে আপত্তি জানান। এতে একপর্যায়ে মিলনায়তনজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
