ডেস্ক রিপোর্ট ॥ সরকার ১১ দলীয় ঐক্যজোটের আট দফা দাবি মেনে না নিলে আন্দোলন এক দফায় রূপ নিতে পারে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকারকে সময় দেওয়া হচ্ছে এবং শুভবুদ্ধির উদয় হলে বৃহত্তর আন্দোলনের প্রয়োজন হবে না।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোট এ লংমার্চের আয়োজন করে।
শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করা হলে, দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে, মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেলে, কৃষক ন্যায্য মূল্যে পর্যাপ্ত সার পেলে এবং ঘরে ঘরে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হলে এই লংমার্চের প্রয়োজন হতো না। তাঁর দাবি, লংমার্চ কোনো দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের কর্মসূচি।
তিনি আরও বলেন, আট দফা দাবি সরকার না মানলে তা পর্যায়ক্রমে নয় ও দশ দফায় যেতে পারে এবং শেষ পর্যন্ত এক দফায় পরিণত হতে পারে। প্রয়োজনে গ্রাম থেকে ঢাকামুখী বৃহত্তর লংমার্চের জন্য নারী-পুরুষসহ সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
পথসভায় এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সাদিক কায়েম ও জিএস ফরহাদ হোসেন বক্তব্য দেন
