ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশন (ইসি) বিশেষ ব্যবস্থা নিয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে পাঠানো এক খুদে বার্তায় ইসি প্রবাসী ভোটারদের সতর্ক করে বলেছে, নিবন্ধনের সময় অবশ্যই সঠিক ঠিকানা প্রদান করতে হবে।
ইসি জানায়, প্রবাসী বাংলাদেশিরা তাঁদের অবস্থানরত দেশের প্রচলিত ঠিকানা ব্যবস্থার অনুসরণে বৈধ ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করবেন। ভুল ঠিকানা দিলে ব্যালট পেপার পৌঁছানো সম্ভব হবে না। তাই ভুল থাকলে ৬ ডিসেম্বরের মধ্যেই অ্যাপের ‘এডিট’ অপশন ব্যবহার করে সংশোধন করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, ব্যাপক আগ্রহের কারণে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসির মতে, বিদেশে অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন, যা গণতন্ত্রকে আরও বিস্তৃত করবে।
প্রবাসী ভোটারদের মধ্যে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কমিশন আশা করছে, পোস্টাল ভোট ব্যবস্থার মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে এবং ভবিষ্যতেও এই প্রক্রিয়া আরও সম্প্রসারিত হবে।
