ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

দুই দশক পর বরিশালে তারেক রহমান: উন্নয়ন প্রত্যাশায় দক্ষিণাঞ্চল

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ দুই দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে। বহুল আলোচিত জাতীয় নির্বাচনের প্রাক্কালে বুধবার (৪ ফেব্রুয়ারি) এক ঝটিকা সফরে বরিশাল বিভাগীয় সদরে আসছেন তিনি। আকাশপথে দুপুর ১২টায় বরিশালে পৌঁছে ঐতিহাসিক বেলপার্ক ময়দানে জনসভায় ভাষণ দেবেন এবং পরে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

২০০৪ ও ২০০৫ সালে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে বরিশালে এসেছিলেন তারেক রহমান। এরপর কেটে গেছে প্রায় দুই দশক। এই দীর্ঘ সময়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় এসেছে বড় পরিবর্তন। ফলে তারেক রহমানের এই সফর রাজনৈতিক পর্যবেক্ষক মহলেও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বরিশালবাসীর প্রত্যাশা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে সূচিত এবং বেগম খালেদা জিয়ার আমলে বাস্তবায়িত উন্নয়ন ধারাবাহিকতা কীভাবে এগিয়ে নেবেন, সে বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।

১৯৯৩ সালে দেশের পঞ্চম প্রশাসনিক বিভাগ হিসেবে বরিশালের উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া। তার সরকার আমলেই বরিশাল বিমানবন্দরের নির্মাণ, জাতীয় পতাকাবাহী বিমানের ফ্লাইট চালু, বরিশাল সিটি করপোরেশন গঠন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মহিলা টিটিসি, হার্ট ফাউন্ডেশনসহ একাধিক অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হয়।

২০০৬ সালে ক্ষমতা ছাড়ার মাত্র তিন দিন আগে বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) প্রতিষ্ঠাও ছিল উল্লেখযোগ্য পদক্ষেপ। পাশাপাশি ভোলার শাহবাজপুরে গ্যাস আবিষ্কার, কুয়াকাটাকে পর্যটন এলাকা ঘোষণা, সরকারি পর্যটন মোটেল নির্মাণ, দপদপিয়া সেতু, গাবখান নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, বেকুঠিয়াতে ফেরি সার্ভিস চালু—সবই বেগম জিয়ার শাসনামলের অর্জন।

তবে ২০০৬ সালের পর দীর্ঘ সময়ে বরিশাল ও দক্ষিণাঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত বলে অভিযোগ রয়েছে। এখনো ফরিদপুর-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত হয়নি, রেললাইন নির্মাণ শুরু হয়নি, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়নি, বরিশালে ইপিজেড স্থাপন হয়নি, বরিশাল সেক্টরে নিয়মিত বিমান ফ্লাইটও চালু হয়নি।

এসব প্রেক্ষাপটে বরিশালবাসী তারেক রহমানের কাছ থেকে স্পষ্ট উন্নয়ন রোডম্যাপ প্রত্যাশা করছেন।

সোমবার বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, তারেক রহমান দক্ষিণাঞ্চলের উন্নয়নে অত্যন্ত সজাগ। বিএনপি ক্ষমতায় গেলে অতীতের মতো এবারও দক্ষিণাঞ্চলে উন্নয়নের নতুন মাইলফলক রচিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর কেবল জনসভা নয়; বরং দক্ষিণাঞ্চলের ভোটব্যাংক পুনর্গঠনে বিএনপির কৌশলগত উদ্যোগের অংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।